প্রতিবাদের মুখে জলবায়ু আলোচনা ব্যাহত
ধনী দেশগুলোর বিরুদ্ধে বিদ্যমান কিয়োটো প্রটোকলকে হত্যার আফ্রিকার দেশগুলোর অভিযোগের পর সোমবার কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের মূল অধিবেশন ব্যাহত হয়।
আফ্রিকার দেশগুলোর প্রতিবাদের মুখে আলোচনা পরিকল্পনামাফিক নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। অধিবেশনে মূল ইস্যুগুলো নিয়ে অচলাবস্থা নিরসনের পথ খোঁজার কথা ছিল।
আলোচনার বিষয়বস্তু নিয়ে ওয়াকআউট না করে একটি প্রক্রিয়া নিয়ে ওয়াকআউট করাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী পেনি ওং।
তিনি বলেন, এটি পক্রিয়া নিয়ে গেম খেলার সময় নয়। আমাদেরকে মূল আলোচনায় ফিরে আসতে হবে।
আফ্রিকার দেশগুলো ধনী দেশগুলোর বিরুদ্ধে কিয়োটো প্রটোকলকে শেষ করে দেওয়ার চেষ্টা অভিযোগ করে বলেছে, সোমবারের আলোচনার রূপরেখা তাদের উদ্বেগকে পাশ কাটিয়ে যাবে।
আফ্রিকান গ্র”পের প্রধান আলজেরিয় কর্মকর্তা কামেল জেমুয়াই বলেছেন, উন্নত দেশগুলো পুরো জলবায়ু আলোচনা ভেস্তে দিতে চাইছে।
তিনি বলেন, ধনী দেশগুলো যে পরিকল্পনা করেছে তাতে আমাদেরকে বিদ্যমান একমাত্র আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তির (কিয়োটো) অবসান মেনে নিতে হবে। অন্যান্য আফ্রিকান প্রতিনিধিরাও তার সঙ্গে সুর মিলিয়ে বলেন, ধনী দেশগুলো কিয়োটোকে ‘হত্যা’ করতে চাইছে।
এ প্রতিবাদে আলোচনা ব্যাহত হলেও স্থানীয় সময় বিকালের দিকে আবারও আলোচনা সঠিক পথে ফিরে আসার আশা প্রকাশ করেন জাতিসংঘ জলবায়ু পবিরর্তন বিষয়ক সচিবালয়ের প্রধান ইভো ডি বোয়ার।
তিনি বলেন, “বেশির ভাগ দেশ কিয়োটো প্রটোকল অব্যাহত রাখার পক্ষে। কোনও দেশ কোনও কিছু বন্ধ করার চেষ্টা করছে কিনা তা আমার জানা নেই।”


