তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা বাংলাদেশের: পররাষ্ট্রসচিব
পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করছে বাংলাদেশ। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান।
মিজারুল কায়েস বলেন, আগামী মাসে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যকার বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে ইতিবাচক অগ্রগতি আশা করা হচ্ছে।
যুদ্ধাপরাধের বিচার বন্ধে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ জানিয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, এ ব্যাপারে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে বদ্ধপরিকর। আন্তর্জাতিক মান নিশ্চিত করে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়া শেষ করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। বাংলাদেশ বিষয়টি নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সঙ্গে আলোচনা করছে। তিনি আরও জানান, তারা আইন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজটি করছে। এই সমন্বয় যাতে আরও বাড়ানো যায় তার প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি জানান।



