এশিয়ান টিম দাবা চ্যাম্পিয়নশিপ শুরু
ভারতের কোলকাতা শহরের ঐতিহাসিক টাউন হলে গত (মঙ্গলবার) হতে এশিয়ান দলগত দাবা চ্যাম্পিয়নশিপের পুরুষ ও মহিলা উভয় বিভাগের খেলা শুরু হয়েছে।
প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ পুরুষ দল এ ইভেন্টের শীর্ষদল ভারতের কাছে সামান্য ব্যবধানে অর্থাৎ ২.৫-১.৫ গেম পয়েন্টে হেরেছে।
বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৫৪৫) কালো ঘুঁটি নিয়ে ৬০ চালে ভারতের গ্র্যান্ড মাস্টার পেন্টালা হরিকৃষ্ণার (রেটিং-২৬৭২) সাথে, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪০৯) সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার সুর্য শেখর গাঙ্গুলীর (রেটিং-২৬৫৪) সাথে ৫৫ চালে এবং ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক (রেটিং-২২৯০) সাদা ঘুঁটি নিয়ে ৭৫ চালে গ্র্যান্ড মাস্টার দিপন চক্রবর্তীর (রেটিং-২৫১৮) সাথে ড্র করেন।
কেবল মাত্র বাংলাদেশের জামাল উদ্দিন (রেটিং-২১৫০) ভারতের গ্র্যান্ড মাস্টার পরিমার্জন নেগির (রেটিং-২৬২০) কাছে হেরে গেলে বাংলাদেশ হেরে যায়।
অপরদিকে মহিলা বিভাগে বাংলাদেশ ১-৩ পয়েন্টে ভিয়েনামের কাছে হেরে গেলেও নাজরানা খান ইভা (রেটিং-১৯৮৫) ভিয়েতনামের মহিলা গ্র্যান্ড মাস্টার থান তু লিকে (রেটিং-২২৯৫) পরাজিত করেছেন।
মহিলা বিভাগে জাহানারা হক পেম লি থাও ইয়েন, জাকিয়া সুলতানা মহিলা গ্র্যান্ড মাস্টার ইয়েন থি থান আন এবং মাসুদা বেগম মহিলা ফিদে মাস্টার ইয়েন থাই মাই হুংয়ের কাছে হেরে যান।
ভারত হতে দুটি দল এবং বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন হতে একটি করে মোট ১০টি দল পুরুষ বিভাগে এবং মহিলা বিভাগে ভারতের দুটি সহ বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, সিঙ্গাপুর হতে ৯টি দল অংশ নিচ্ছে।
এই ইভেন্টের খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা যায় ।



