মহিলার ধাক্কায় পড়ে গেলেন পোপ বেনেডিক্ট
বড়দিনের প্রাক্কালে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন পোপ বেনেডিক্ট। বড়দিন উপলক্ষে সেন্ট পিটার্সবার্গের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বেনেডিক্ট ঢোকার সময় তাঁর ওপর একজন মহিলা ঝাঁপিয়ে পড়েন। তবে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই মহিলাকে আটক করেছেন। ওই মহিলা মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে; তবে তাত্ক্ষণিকভাবে তাঁর নাম জানা যায়নি।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, লাল জাম্পার পরা ওই মহিলা নিরাপত্তা বেষ্টনী টপকে পোপের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় ওই মহিলার ধাক্কায় পোপ মাটিতে পড়ে যান।
ভ্যাটিকানের মুখপাত্র সিরো বেডেট্টিনি বলেন, ওই মহিলা ধাক্কা দিয়ে পোপকে ফেলে দেন। তিনি কার্ডিনাল রজার ইটচেগারকেও কিলঘুষি মারেন। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাঁকে চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত বছরও বড়দিনের নৈশভোজ উদযাপনের আগ মুহূর্তে একজন মহিলা একইভাবে নিরাপত্তা বেষ্টনী টপকে লাফ দিয়ে পোপের কাছে যাওয়ার চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনী ওই সময়ই সেই মহিলাকে আটকে ফেলে; তবে গত বছর এবং এ বছরের এই মহিলা একই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার পরও পোপ ষোড়শ বেনেডিক্ট বড়দিনের নৈশভোজ অনুষ্ঠানের বক্তৃতায় সবাইকে বড়দিন উদযাপনের আহ্বান জানান। তবে এ সময় পোপকে বেশ বিচলিত দেখাচ্ছিল।



