ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ আসছেন না টেন্ডুলকার
ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসা ভারতীয় দলে থাকছেন না শচীন টেন্ডুলকার। আজ শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড এ কথা জানায়। আগামী ৪ থেকে ১৩ জানুয়ারি ঢাকায় এই ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের অপর দল শ্রীলঙ্কা। এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষিত ১৬ জনের দলে নাম অন্তর্ভুক্ত করা হয়নি শচীন টেন্ডুলকারের। ওয়েবসাইট।
তবে এই সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টে টেন্ডুলকারের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি এন শ্রীনিভাসন। তিনি বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে টেন্ডুলকার বিশ্রাম চেয়েছেন। তবে তিনি টেস্ট সিরিজে খেলবেন।
ত্রিদেশীয় সিরিজে টেন্ডুলকার ছাড়াও নির্বাচকেরা বোলার ইশান্থ শর্মা ও প্রাভিন কুমার এবং বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝার বদলে দলে সুযোগ পেয়েছেন শান্তকুমারান শ্রীশান্ত, অশোক ডিন্ডা এবং বাঁহাতি স্পিনার অমিত মিশ্র। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দলে না থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা পুনরায় দলে ডাক পেয়েছেন।
ঢাকায় আগামী ১৭ থেকে ২১ জানুয়ারি প্রথম টেস্ট এবং চট্টগ্রামে ২৪ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের জন্য পরে দল ঘোষণা করা হবে।
ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গাম্ভীর, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, রোহিত শর্মা, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হরভাজন সিং, জহির খান, আশিষ নেহরা, সুদীপ ত্যাগী, শান্তকুমারান শ্রীশান্ত, অশোক ডিন্ডা ও অমিত মিশ্র।



