৬ থেকে ৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা: তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা: শীতজনিত কারণে মারা গেছে শিশু ও বৃদ্ধসহ দেড়শতাধিক মানুষ
নিউজ আওয়ার্স বিডি, জানুয়ারি ০৩: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বাংলাদেশের তাপমাত্রা আগামী দু’তিন দিনের মধ্যে ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নামেত পারে। একারণে শীতের প্রকোপ আরো বাড়বে। তবে চলতি মাসের মাঝামাঝি শীত কিছুটা কমতে পারে জানিয়ে আবহাওয়া কর্মকর্তারা বলেছেন, মাসের শেষদিকে আবারো তা বাড়তে পারে। দেশজুড়ে গত কয়েকদিন ধরে চলা মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে গেছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে। জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ঘন কুয়াশার কারণে স্থল ও জল পথে যান চলাচলও বিঘ্ন হচ্ছে।
তীব্র শৈত্যপ্রবাহ আর ঘনকুয়াশায় বিপর্যস্ত সারাদেশ। শীতজনিত রোগে সারা দেশে মারা গেছে শিশু ও বৃদ্ধসহ দেড়শতাধিক মানুষ।
আরো একটি অনাকাঙ্ক্ষিত শৈত্যপ্রবাহেরও আশঙ্কা প্রকাশ করে আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মোঃ শাহ-আলম জানান, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে চলে যেতে পারে। তিনি বলেন, দেশে তাপমাত্রা অনেক নেমে গেলেও সে অনুপাতে শীত তেমন অনুভূত হচ্ছে না। আবহাওয়াবিদদের আশঙ্কা, তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নেমে আসলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।


