তিস্তার পানি বণ্টনে ভারত-বাংলাদেশ চুক্তি সইয়ের প্রক্রিয়া জোরদারে রাজি
তিস্তার পানি বণ্টনে একটি চুক্তি সইয়ের প্রক্রিয়া জোরদার করতে বাংলাদেশ ও ভারত রাজি হয়েছে। আজ মঙ্গলবার যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের দুই দিনের বৈঠক শেষে দুই দেশের কর্মকর্তারা এ আশার কথা জানিয়েছেন।
এরই অংশ হিসেবে দুদেশের পানি সচিবদের বৈঠকে অভিন্ন নদীটির পানি বণ্টনের চুক্তি সইয়ের ক্ষেত্রে যেসব দূরত্ব ছিল তা অনেকটা কমে এসেছে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় এ ব্যাপারে ইতিবাচক ফলাফল আসতে পারে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের পানিসম্পদসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান। অপরদিকে ভারতের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের পানিসম্পদসচিব উমেশ নারায়ণ পাঁজিয়ার।
আলোচনায় তিস্তার পানি বন্টনের চুক্তির বিষয়টি প্রাধান্য পেলেও ইছামতী নদী পুনঃখনন, ফেনী নদীর পানি ব্যবহার করে বিশুদ্ধ খাবার পানির প্রকল্পসহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়।


