বঙ্গবন্ধু হত্যা মামলা: রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি ২৪ জানুয়ারি
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ও আটক পাঁচজন আসামির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি বি কে দাস, বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ ওই আবেদনের শুনানি করবেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে ও অন্য তিনজন বিচারপতির সমন্বয়ে রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য এই বেঞ্চ গঠন করা হয়।
আগামী রোববার আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকা আজ প্রকাশিত হয়েছে। এতে পুনর্বিবেচনার পাঁচটি আবেদন শুনানির ১ নম্বর ক্রমিকে রয়েছে।
নৃশংস ও বর্বরোচিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ৩৪ বছর পর দীর্ঘ প্রতীক্ষিত রায় ঘোষণা করেন আপিল বিভাগ। গত বছরের ১২ নভেম্বর শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ ১৯ নভেম্বর তারিখে রায় ঘোষণার সিদ্ধান্ত জানান। এর আগে ৪ অক্টোবর প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন পাঁচ বিচারপতির সমন্বয়ে বেঞ্চ গঠন করেন।
পাঁচ আসামির আপিল খারিজ, মৃত্যুদণ্ডাদেশ বহাল—এই রায়ের মাধ্যমে শেষ হয় ১৩ বছর ধরে চলা বিচারপ্রক্রিয়া। আপিলের বিষয়ে আট পৃষ্ঠার রায় পড়েন বিশেষ বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম।
মৃত্যুদণ্ড পাওয়া ও আটক পাঁচ আসামিরা হলেন সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, আর্টিলারি মুহিউদ্দিন, ল্যান্সার মহিউদ্দিন আহমেদ ও সুলতান শাহারিয়ার রশিদ খান। আইনজীবীরা জানান, আপিল খারিজ হওয়ায় হাইকোর্টের রায় অর্থাত্ ১২ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকল। কারণ, অন্য সাত আসামি আপিল করেননি। ফলে তাঁদের ক্ষেত্রেও হাইকোর্টের রায় বহাল রয়েছে।


