অন্তত একটি জয় চান সাকিব রোববার প্রথম ওয়ানডে
রুবেল বল করছেন, তামিম সেটা সপাটে হাঁকাচ্ছেন। সাকিব বল করছেন, মুশফিক ফরোয়ার্ড ডিফেন্স করছেন। মাশরাফি, রুবেল, শফিউলরা যখন বল করছেন, তখন পাশে দাঁড়িয়ে বোলিং কোচ চম্পকা রামানায়েকে লাইন-লেন্থ ঠিক রাখার পরামর্শ দিচ্ছেন। সহকারী কোচ খালেদ মাহমুদ সুজন মূল মাঠে অন্যদের নিয়ে ফিল্ডিং করছেন। দলের অনুশীলনে চিফ কোচ জেমি সিডন্সও বসে থাকেননি। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দিবা-রাত্রির ম্যাচে নামার আগে কাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জোর অনুশীলন করলেন সাকিব, তামিম, রিয়াদ, মাশরাফি, মুশফিকরা। অনুশীলনে ঘাম ঝরালেন সবাই। কিন্তু তারপরও অনুশীলনে মনে হচ্ছিল কিছু একটা কমতি রয়েছে। খুব খোলা চোখে বিষয়টি বোঝা যাবে না। কিন্তু গভীর পর্যবেক্ষণে বিষয়টি বোধগম্য হবে, সবাই আছেন কিন্তু একজন নেই। আশরাফুল। অবশ্য রাকিবুলকেও দেখা যায়নি। দুজনকে কাল অনুশীলনে না দেখতে পাওয়ার মূল কারণ স্কোয়াডে জায়গা হয়নি তাদের। দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই সাকিববাহিনী আগামীকাল ময়দানি লড়াইয়ে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। দুই ক্রিকেটারকে ছাড়াই সিরিজে অন্তত একটি জয় চান সাকিব।
আজ বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)-এর জন্মদিন। তাই বাংলাদেশে আজ সরকারি ছুটি।
দিনকয়েক আগে নিউজিল্যান্ড থেকে সাকিববাহিনী দেশে ফিরেছে একেবারে খালি হাতে। কিন্তু ক্রাইস্টচার্চে তৃতীয় ওয়ানডে এবং হ্যামিল্টন টেস্টে হারলেও লড়াই করে হারিয়ে যাওয়া মনোবল ফিরে পেয়েছেন সাকিবরা। এছাড়া গত ডিসেম্বরে ভারত ও শ্রীলংকার বিপক্ষে তিনজাতির লড়াইয়ে সমানে সমানে লড়েছেন। সেই লড়াইয়ের আত্মবিশ্বাসকেই পুঁজি করে সিরিজে একটি ম্যাচ জিততে চান টাইগার অধিনায়ক সাকিব, ‘ঘরের মাটিতে আমরা ভালোই খেলছি বেশ কিছুদিন হলো। কিছুদিন আগে ভারত ও শ্রীলংকার বিপক্ষে হারলেও জোর লড়াই করেছি। পরিচিত পরিবেশের সুবিধাকে কাজে লাগিয়ে আমরা ইংল্যান্ডকে হারাতে চাই। সেটা প্রথম ওয়ানডেতে হলে ভালোই হয়। আর যদি সিরিজ জিততে পারি তাহলে কোনো কথাই নেই।’ কোচ জেমি সিডন্স সরাসরি জয়ের কথা না বললেও জানিয়েছেন আগামী দিনের কথা, ‘দলের অধিকাংশ ক্রিকেটারেরই বয়স ২২-২৩। চার-পাঁচ বছর পর ইংল্যান্ড যখন আসবে, তখন এই দল নিয়ে আমি নিশ্চিত করে বলতে পারবো তারা পারবে না। আমরা সহজেই হারাবো তাদের।’
গতকাল সংবাদ সম্মেলনে ওয়ানডে সিরিজ নিয়ে কথা হলেও অধিনায়ক ও কোচকে আশরাফুল প্রসঙ্গে কথা বলতে হয়েছে বেশ কয়েকবার। আশরাফুলকে বাদ দেয়ার কারণ ব্যাখা না করে তার ফিরে আসার জোর সম্ভাবনার কথাই জানিয়েছেন দুজন। অধিনায়ক সাকিব বলেন, ‘আশরাফুল ভাই বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। একজন ব্যাটসম্যানের বাজে সময় যায়। তিনি যেরকম প্রতিভাবান, তাতে যে কোনো সময়ই ফিরে আসতে পারেন।’ আর আশরাফুলকে ‘খাদযুক্ত হীরা’ বলেছেন সিডন্স, ‘ইমরুল কায়েশ, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকরা সবাই ব্যাটিংয়ে উন্নতি করেছেন। সবাই একটা শেপে চলে এসেছেন। আশরাফুল খাদযুক্ত একটি হীরা। শুধু পলিশ করে নিখাদ হীরায় পরিণত করতে হবে। আর যদি সে ফর্মে ফিরে, তাহলে দলের ব্যাটিং লাইনআপ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে।’
উপমহাদেশের ধীরগতির উইকেটে খেলা অন্যান্য দেশের পক্ষে খেলা একটু কষ্টকরই হয়। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে উপমহাদেশীয় দেশগুলো স্পিনারদের আধিক্য দিয়েই একাদশ সাজায়। বাংলাদেশও সেটার বাইরে যাবে না বলেই জানান সাকিব, ‘স্পিনে ইংলিশদের দুর্বলতা রয়েছে। আমরা কিউরেটরকে স্পিন উইকেট বানাতেই বলেছি।’ ইংলিশ অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রড সেটা ভালো করেই জানেন। তারপরও জেতার জন্যই খেলবো বলে জানান, ‘বাংলাদেশ দলে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। ওদেরকে হারাতে আমাদের জোর লড়াই করতে হবে। আর স্পিন? সারাবিশ্বে খেলে খেলে এই বিষয়ে আমরা অভ্যস্ত।’
কথার বোলচাল যেমনই হোক, ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে মরিয়া টাইগাররা। কেননা হারাধনের গল্পের মতো টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র ইংল্যান্ডকে হারানোই বাকি বাংলাদেশের। আর সেটা এ সিরিজেই চান সাকিব।


