পয়লা বৈশাখের নানা আয়োজন
হালখাতা, কৃষি আর রাজস্ব আদায়ের সুবিধার্থে যে বাংলা সনের সূচনা হয়েছিল সম্রাট আকবরের যুগে, তা-ই এখন পরিণত হয়েছে বাঙালির প্রাণের উৎসবে। আজ পয়লা বৈশাখ। বাংলা ১৪১৭ সনের প্রথম দিন। বছর ঘুরে আবারও ফিরে এসেছে দিনটি। প্রতিবছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ দেশের মানুষ দিনটি উদ্যাপন করবে।
পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে অতীতের সব বিভেদ ভুলে জাতীয় জীবনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে ১৪০৮ বঙ্গাব্দের পয়লা বৈশাখে রমনার বটমূলে বর্ষবরণ উৎসবে বোমা হামলায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করেছেন।
নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবনে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাতটায় বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত নববর্ষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা বেলা তিনটায় মুক্তাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
পয়লা বৈশাখ উদ্যাপনের সময় যেকোনো ধরনের হারানো ও প্রাপ্তি সংবাদ দ্রুত আদান-প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তিনটি ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ চালু করেছে। প্রথমটি স্থাপন করা হয়েছে রমনা পার্কের ভেতরে সাব-কন্ট্রোল রুমের পাশে, দ্বিতীয়টি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর টিএসসির প্রবেশপথের পাশে এবং তৃতীয়টি ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উত্তর দিকে। প্রয়োজনে রমনা পার্ক মোবাইল নম্বর ০১৭২৮০৬৭১৪৫, সোহরাওয়ার্দী উদ্যান মোবাইল নম্বর ০১৭২৮০৬৭১৪৬ এবং ধানমন্ডি রবীন্দ্রসরোবর মোবাইল নম্বর ০১৭২৮০৬৭১৪৭-এ যোগাযোগ করা যাবে। বাংলাদেশ পুলিশ রমনার বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাংলা একাডেমী আজ থেকে ১০ দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে।
জাতীয় জাদুঘরের গ্যালারিসমূহ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিনা মূল্যে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। শিশু একাডেমী দুই দনিব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। বনানী সোসাইটি মাঠে দুপুর দুইটায় নকিয়ার আয়োজনে বৈশাখী মেগা কনসার্ট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, খেলাঘর ঢাকা মহানগর, সারগাম ললিতকলা একাডেমি, ঘাসফুল শিশু-কিশোর সংগঠন, চন্দ্রসিঁড়ি, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গুলশান ইয়ুথ ক্লাবের আয়োজনে সংগঠনটির মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকায় রাখাইন সম্প্রদায়, মহানগর সার্বজনীন পূজা কমিটি, ঢাকা শেরাটন হোটেল দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
ট্রান্সকম ফুডস লিমিটেড (পিত্জা হাট ও কেএফসি) দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত লোকমেলা, বিকেল চারটায় শোভাযাত্রা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বাউল গানের আয়োজন করেছে গুলশান-১-এ প্রতিষ্ঠানটির ডিজিটাল শোরুম প্রাঙ্গণে।
বাংলাদেশ রাইফেলস পিলখানার ক্রীড়া বোর্ড মাঠে বিডিআর, স্যানডোজ বিজনেস ডিভিশন ও বেঙ্গল প্লাস্টিক নববর্ষ উপলক্ষে খাওয়ার পানি বিতরণের উদ্যোগ নিয়েছে।



suvassa