দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৬৬৬ সহকারী শিক্ষক
নিউজ আওয়াস বিডি:
দেশের ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ হাজার ৬৬৬ জন সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা পাচ্ছেন। শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার এ মর্যাদা দিতে সম্মত হয়েছে। আগামী রোববার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা দীর্ঘদিন ধরে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার দাবি জানিয়ে আসছে। এর ফলে সরকার গত বছর তাদের নন-গেজেটেড দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দেয়। কিন্তু শিক্ষকরা সরকারের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করেনি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজকালের খবরকে জানান, শিক্ষকরা নন-গেজেটেডের পদমর্যাদা মেনে নেননি। তাই সিদ্ধান্ত হলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি। এবার গেজেটেড হিসেবে মর্যাদা দিলে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা বেতন-ভাতাসহ সার্বিক সুযোগ-সুবিধা পেলেও মর্যাদার ক্ষেত্রে তা না হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ ছিল। গেজেটেড পদমর্যাদা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে বেশ কয়েকবার শিক্ষকরা মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্টদের কাছে লিখিত আবেদন করে। গত বছর সরকার তাদেরকে নন-গেজেটেডভুক্ত করে দাবির আংশিক পূরণ করলেও পূর্ণ দাবি না মানায় তাদের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ ও হতাশার। অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুযায়ী প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে অনুমোদন পেলে তারা গেজেটেড কর্মকর্তার মতো সব মর্যাদা পাবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা যায়, বর্তমানে সারা দেশে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা না দেয়ার কারণে নতুন করে নিয়োগ প্রক্রিয়া প্রায় ৬ মাস ধরে ঝুলে আছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অধিদফতরকে জানানো হয়েছে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের পদমর্যাদা ঠিক করার পর সরকার নিয়োগ কার্যক্রম শুরু করবে।


