মহান মে দিবস
পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস।
শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে গোটা বিশ্বের মানুষ এই দিনটি উদযাপন করছে।
দিবসটি পালনে সরকার ছুটি ঘোষানা করেছে। বন্ধ রাখা হয়েছে শিল্প-কারখানা। রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক দলের কার্যালয়ে উত্তোলিত হয়েছে লাল পতাকা।
শ্রমিক সংগঠনগুলো লাল পতাকা হাতে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনীর কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন সড়ক দ্বীপ ব্যানার, ফেষ্টুন ও প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে।
মে দিবস এর রাষ্ট্রীয় অনুষ্ঠান শনিবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা এবং তিনদিনব্যাপী মে দিবস মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন।
এছাড়া জাতীয় পার্টি, বিকল্পধারা বাংলাদেশ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।


