প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলো স্পেন
ক্রীড়া ডেস্ক:
একের পর এক অঘটনের জন্ম দিয়ে আফ্রিকা বিশ্বকাপ থেকে একে একে বিদায় নিলো সাত বিশ্বচ্যাম্পিয়ন। সর্বশেষ তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানদের হটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলো স্পেন। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে তারা জোয়াকিম লোয়ের শীষ্যদের ১-০ গোলে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। এই জয়ের ফলে আগামী ১১ জুলাই ফাইনালে তারা হল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচের ৭৩ মিনিটে জাভির কর্নার থেকে কার্লোস পুয়েল জয়সূচক একমাত্র গোল করে স্পেন শিবিরে আনন্দের উপলক্ষ এনে দেন। এর আগে স্পেন ১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত চতুর্থ বিশ্বকাপে শেষ চারে খেলেছিল। জার্মানির বিদায়ের ফলে বিশ্বকাপের ১৯তম আসরে নতুন বিশ্বচ্যাম্পিয়ন খুঁজে পেলো ফুটবল বিশ্ব। এর আগে ২০০৮-এর ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জার্মানি স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল। এবারের আসরের সবচেয়ে পরিচ্ছন্ন ম্যাচে শুরুতেই গুছিয়ে খেলা শুরু করে দু’দল। ম্যাচের ছয় মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করে স্পেন। মাঝমাঠ থেকে প্রেদো বল বাড়িয়ে দেন। প্রেদোর বাড়ানো বলে শটও নেন এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা ভিলা। তার নেয়া শট অসাধারণ দক্ষতায় রক্ষা করেন জার্মান গোলরক্ষক ম্যানিয়েল নিউয়ে। ম্যাচের ১৩ মিনিটে আবারো গোলের সুযোগ এসেছিল স্পেনের সামনে। কর্নার থেকে রামোসের বাড়ানো বলে ইনেস্তার মাইনাসে পিটুর হেড অল্পের জন্য লক্ষভ্রষ্ট হয়। ম্যাচের ৩১ মিনিটে কাউন্টার আক্রমণ থেকে পিওর ট্রচস্কির শট স্পেনের গোলরক্ষক ক্যাসিয়াস কর্নারের বিনিময়ে রক্ষা করেন। প্রথমার্ধের শেষ মিনিটে ওজিলের শট ডি-বক্সের মধ্যে ক্লিয়ার করেন ডিফেন্ডার সার্জিও রামোস। ম্যাচের ৪৯ মিনিটে জাভির মাইনাসে এলোনসার দুর্দান্ত শট জার্মানির পোস্ট ঘেঁষে বাইরে গেলে গোল বঞ্চিত হয় বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের ৫৭ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করে স্পেন। জার্মানির ডি-বক্সের মধ্যে জটলা থেকে প্রেদোর শট জার্মান গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় রক্ষা করেন। ফিরতি বলে ইনেস্তা জার্মান এক ডিফেন্ডারকে কাটিয়ে মাইনাস করলে চলন্ত বলে ভিলা পা লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের ৬২ মিনিটে আবারো গোল বঞ্চিত হয় স্পেন। প্রেদোর লবে রামোস পা লাগাতে ব্যর্থ হয় ফলে দ্বিতীয়ার্ধে দ্বিতীয়বারের মতো গোল থেকে বঞ্চিত হয় স্পেন। ম্যাচের ৬৮ মিনিটে কাউন্টার আক্রমণে যায় জার্মানি। পোডলস্কির মাইনাসে টনিক্রুসের শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন ক্যাসিয়াস। ম্যাচের ৭৩ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় স্পেন। জাভির কর্নার থেকে কার্লোস পুয়েলের হেড আশ্রয় নেয় জার্মানির জালে (১-০)। ম্যাচের ৮০ মিনিটে প্রেডরোর ভুলে দ্বিতীয় গোলবঞ্চিত হয় স্পেন। এর পর জার্মানরা কয়েকটি সুযোগ নষ্ট করে ০-১ গোলে পরাজিত হয়ে অষ্টমবারের মতো ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায়।


