জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ মানববন্ধন : ব্যানারে নাম লেখাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি
স্টাফ রিপোর্টার , নিউজ আওয়ার্স বিডি, ৬ আগস্ট ২০১১:
ব্যানারে নাম লেখাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি ও হাতাহাতির মধ্যে দিয়ে শেষ হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ মানববন্ধন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে মানববন্ধন শেষ হয়েছে।
শনিবার বেলা ১১ টার পর জাতীয় প্রেসকাবের সামনে এ ঘটনা ঘটে। আদালতে হট্টগোলের ঘটনায় ১৩ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা, তিনজন আইনজীবীকে গ্রেপ্তার এবং সরকার দলীয় আইনজীবী কর্তৃক খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির ডাক দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ও ঢাকা বার।
সংগঠন সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বাধীন একটি গ্রুপ নির্ধারিত কর্মসূচি পালন করতে আসেন। এ সময় ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সানাউল্লাহ মিয়া ও বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বাধীন অন্য গ্রুপটি আলাদাভাবে একই সময়ে এবং একই স্থানে কর্মসূচি পালন করতে আসলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এব্যাপারে ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকারের গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্রে এই গোলোযোগের ঘটনা ঘটেছে।
সংঘর্ষ চালাকালে তা নিরসন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিষ্টার মওদুদ আহমেদ, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, সুুুপ্রিম কোর্ট বারের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, দুই গ্রুপের নেতাদেরকে নিয়ে প্রেসকাবের দুই তলায় একাধিকবার বৈঠক করেন। সেখানে মহাসচিব একাধিকবার নেতাদেরকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি বাইরে এসে আইনজীবীদের ধমক দিয়ে মানববন্ধনে দাঁড় করান।
মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা জানিয়েছেন, ঢাকা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত ৭০১ সদস্যের কমিটিকে কেন্দ্রীয় কমিটির অনুমোদন না দেওয়ায় এই সংঘর্ষ হয়েছে।
পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মানববন্ধনে যোগ দিয়ে বলেন, এই সরকার বিরোধীদলকে দমন করার জন্যই একের পর এক তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। তিনি সংসদ সদস্য এডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, এই সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে এই হামলা মামলা করে চলেছে। তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


